চট্টগ্রামের মিরসরাইয়ে দুইটি গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মো. সালাহ উদ্দিন (৩৬) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে (সাবেক ইসমাইল খান চত্ত্বর) এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সালাহ উদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। সে সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সালাহ উদ্দিন। জাতীয় বিশেষ অথনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে যাওয়ার পর সেভেন রিং সিমেন্টের তেলবাহী গাড়ি এবং চিটাগং অনলাইন লিমিটেডের ইন্টারনেট সংযোগের ডাবল কেবিন পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল, তেলবাহি গাড়ি ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।
মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ ও এসএম সুমন বলেন, দুর্ঘটনায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন । তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ইকনোমিক জোন সড়কে দুর্ঘটনায় সালাহ উদ্দিন নামে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

