বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মিশর। এবার তাদের গন্তব্য নতুন ভেন্যু আটলান্টা।
মঙ্গলবার (৭জুলাই) এই ম্যাচকে সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলনে নিজেদের রণকৌশল সাজাতে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্সে তিনি যে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি, তা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই স্পষ্ট করেছিলেন। ফলে মিশর ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে বড়সড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বলে দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে উঠে এসেছে।

লাইন-আপে কয়েকটি জায়গা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। ইনজুরি কাটিয়ে নিকোলাস তাগলিয়াফিকো সম্পূর্ণ ফিট হয়ে ওঠায় তিনি আবারও নিজের চেনা ৩ নম্বর পজিশনটি ফিরে পেতে পারেন। তার অনুপস্থিতিতে অলিম্পিক লিও’র ফাকুন্দো মেদিনা ভালো খেললেও, গত ম্যাচে ক্র্যাম্পের কারণে তাকে মাঠ ছাড়তে হয়েছিল।
লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের ‘নাম্বার নাইন’ পজিশনের লড়াই নতুন মোড় নিয়েছে। অ্যাতলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আলভারেজ ইনজুরির কারণে পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় টুর্নামেন্টের শুরুতে লাউতারোকে খেলানো হচ্ছিল। তবে শেষ ম্যাচে লাউতারোর বিবর্ণ পারফরম্যান্সের পর স্কালোনি এই পজিশনে আলভারেজকে শুরু থেকে খেলানোর কথা ভাবতে পারেন।
মাঝমাঠেও পরিবর্তনের জোর সম্ভাবনা রয়েছে। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে লিয়ান্দ্রো পারেদেস ভালো ফর্মে ছিলেন। স্কালোনি যদি পারেদেসকে শুরু থেকে খেলান, তবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে তার পজিশন ছেড়ে একটু ওপরে উঠে আসতে হবে।
অন্যথায় থিয়াগো আলমাদার জায়গায় উইংয়ে গতি বাড়াতে নিকোলাস গঞ্জালেসকেও ব্যবহার করতে পারেন কোচ। সর্বশেষ বিশ্বকাপেও টুর্নামেন্টের মাঝপথে সঠিক কম্বিনেশন খুঁজে নিয়েছিলেন স্কালোনি। এবারও শিরোপা ধরে রাখার অভিযানে ভুলত্রুটি শুধরে সঠিক ছক কষার চেষ্টায় তিনি।
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস/নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্টিনেজ।

