চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা ও রাতে লাশ দুটি উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ এবং কুমিরা নৌ পুলিশ।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকিরহাট এলাকার সোনাইছড়ি পাহাড়ের চূড়া থেকে এক বৃদ্ধের এবং রাত ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার সমুদ্র উপকূল থেকে আরও একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পাহাড়ের চূড়ায় এক বৃদ্ধের মনদেহ উদ্ধার করা হয়।
তার পরিচয় পাওয়া যায় নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
অন্যদিকে, সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।
কয়েকদিন আগের লাশ হওয়ায় শরীরে পচন ধরে ফুলে গেছে বলে জানিয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ জানান, সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া লাশ আনুমানিক সাত থেকে আট দিন আগের। পিবিআইয়ের সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

