রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে আন্দোলন শুরু হয়।
বিক্ষোভে অংশ নেয়া ছাত্রীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা কলেজ গেটে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুনে আগুন দেয়ার চেষ্টা করেন।

পরে বিভিন্ন হল থেকে বের হয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেন। এ সময় তারা কলেজকে সব ধরনের দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন ছাত্রী প্রধান ফটকসহ কয়েকটি গেট ভেঙে বাইরে যাওয়ারও চেষ্টা করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। এর জের ধরেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা আন্দোলনে নামেন।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা প্রভাব রাখা উচিত নয়।
শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত হলের ভেতরের পরিস্থিতি শান্ত ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

