২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৫ মে) দেয়া এক বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি।

তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান ২০১৩-কে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, সেদিনের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছিল এবং তা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।
বিবৃতিতে তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত—এ অধিকার দমনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।
বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

