মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণে পরিবেশ ও ঐতিহ্য রক্ষার আহ্বান সিটি মেয়রের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানে পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নতুন বছরকে বরণ করার এ সময়ে নগরকে সবুজ ও বাসযোগ্য রাখতে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।

- Advertisement -

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পুরাতন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করার এই ক্ষণে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আমরা যে দূষিত কার্বনডাইঅক্সাইড ত্যাগ করি তা শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ঐতিহাসিক সিরিষ গাছটি প্রায় ১২৫ বছর ধরে মানুষের উপকার করে যাচ্ছে, যা আমাদের জন্য এক অমূল্য সম্পদ।

করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে মেয়র বলেন, তখন মানুষকে অক্সিজেনের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে, অথচ মহান আল্লাহ তায়ালা প্রকৃতির মাধ্যমে আমাদের প্রতিনিয়ত বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন। তাই এই গাছপালা ও পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, একসময় সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হলে স্থানীয় জনগণ তা প্রতিহত করতে দীর্ঘ ২৫০ দিন আন্দোলন চালায়। সেই আন্দোলনের মাধ্যমে এই ঐতিহ্যবাহী স্থান রক্ষা করা সম্ভব হয়েছে, যা চট্টগ্রামবাসীর পরিবেশ সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত।

মেয়র বলেন, যদিও এই জায়গাটি রেলওয়ের অধীন, তবে এটি রক্ষা করার দায়িত্ব চট্টগ্রামের প্রতিটি নাগরিকের। কারণ এই শহর সবার এবং সবাইকে মিলেই এটিকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলা মাস ও ছয় ঋতুর ঐতিহ্য সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। আমাদের সংস্কৃতি ও ইতিহাস ভুলে গেলে দেশপ্রেম গড়ে উঠবে না।

তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বাধীনতা বইমেলা আয়োজন করা হয়েছে এবং আগামী ১৮ তারিখ পর্যন্ত তা চলবে। তিনি সবাইকে বইমেলায় গিয়ে বই কেনার আহ্বান জানান এবং বলেন, “বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না, বরং এটি জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে।”

সবশেষে তিনি সবার প্রতি আহ্বান জানান, সম্মিলিতভাবে চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও দুইদিনব্যাপি বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সর্বশেষ

এই বিভাগের আরও