চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা–হত্যার বিচার, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি ও সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রধান সড়কে এই মিছিল হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক হঠাৎ সড়কে নেমে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। কিছুক্ষণ পরেই তারা স্থান ত্যাগ করেন। এলাকাবাসীর অনেকেই ঘটনাটি বুঝে ওঠার আগেই মিছিলটি ছড়িয়ে পড়ে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ঘটনার বিষয়টি পুলিশের নজরে এসেছে। কারা এই মিছিল করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

