গ্রামীণ হেলথটেক লিমিটেড ও ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে স্মার্ট মোবাইল চাইল্ড কেয়ার উদ্যোগ চালুর লক্ষ্যে রবিবার (৫এপ্রিল) একটি সফল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই কর্মসূচির আওতায় সুখী তার উন্নত টেলিমেডিসিন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রামীণ শিশু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী এবং সিবিও ও সিটিও মোহাম্মদ সোলাইমান রাসেলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ম্যাক্স ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার ড. মিঠুন গুপ্ত এবং তাদের টিম।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস-এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, “আমাদের লক্ষ্য, সারা দেশের প্রতিটি মানুষের ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। প্রযুক্তি এবং মানুষের শক্তিকে একত্রিত করে আমরা সুস্থ সমাজ গড়তে চাই।”
এইচ এল ৭ (HL7) এবং এফ এইচ আই আর (FHIR) সম্মত আর্কিটেকচারের উপর ভিত্তি করে সুখী’র সমন্বিত ইকোসিস্টেমে রয়েছে মোবাইল অ্যাপ অ্যাক্সেস, ইএমআর এবং রিয়েল-টাইম ক্লিনিকাল সাপোর্ট- যা দূরবর্তী এলাকাতেও নিরবচ্ছিন্ন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে।
এই সহযোগিতা প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সর্বত্র স্বাস্থ্যসেবার বিস্তার নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


