“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ( ৯ মার্চ) চট্টগ্রামের বাকলিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)র তত্ত্বাবধানে, ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের আওতায় এবং Red Orange ও Amplify Change-এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করেছে।
এই অনুষ্ঠানে প্রধান লক্ষ্য ছিল নারী ও কন্যাদের অধিকার রক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। বাকলিয়া এলাকার চারটি স্থানীয় যুব সংগঠন—জাগ্রত যুব সামাজিক সংঘ,Youth Voice for Change এবং উষার আলো যুব সংঘ,কায়ো বাংলাদেশ -এর তরুণ সদস্যরা এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ঊষার আলো যুব সংঘের সভাপতি স্বর্ণা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল পর্বে ইপসার প্রতিনিধি প্রোগ্রাম ম্যানেজার শ্যামশ্রী দাশ এবং যুব নেতা আব্দুল আজিজ নারী অধিকার ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।


এছাড়াও ইপসার মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার তানভীর আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা উল্লেখ করেন যে, সমাজে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা দূর করতে পিতৃতান্ত্রিক মানসিকতা পরিবর্তন এবং পরিবার ও বন্ধুদের সক্রিয় সমর্থন অপরিহার্য। পাশাপাশি সরকারি আইসিটি নীতিমালার আলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ আচরণ এবং ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের অন্য এক পর্যায়ে অরুন্ধতি বড়ুয়া ও সায়মা আক্তার নারী দিবসের ধারণাপত্র পাঠ করেন, যেখানে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আয়োজনের একটি আকর্ষণীয় অংশ ছিল “নারীর অর্থনৈতিক স্বাধীনতাই প্রকৃত ক্ষমতায়নের মূল চাবিকাঠি” বিষয়ক ছায়া বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নেন রিয়াজুল জান্নাহ মারজান ও সায়েদ সাদিন।
এছাড়া উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী তাসলিমা ও ইয়াসিন নারী অধিকার রক্ষায় ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা ও নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনা শেষে একটি সচেতনতামূলক র্যালি ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়-যা স্থানীয় কমিউনিটির মাঝে নারী নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেয়।
পরিশেষে, কায়ো বাংলাদেশ-এর প্রতিনিধি সাইফুল হাসান তরুণদের ইতিবাচক পরিবর্তনের কারিগর হিসেবে কাজ করার আহ্বান জানান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


