নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বন্দর শ্রমিকরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বন্দরের ৪ নম্বরে ফটকের বাইরে তিনি আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েন।

এদিন সকালে নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দর আসেন। বন্দরের ভেতর থেকে বের হওয়ার সময় ৪ নম্বর ফটকের বাইরে আন্দোলনরতরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় উপদেষ্টা গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে উপদেষ্টা সাখাওয়াত বলেন, “আপনাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলব। গত দেড় বছর আপনাদের সাথে কাজ করছি। “আমি আপনাদের কথা শুনব। আপনাদেরও আমার কথা শুনতে হবে।”
এরপর উপদেষ্টা বন্দর ভবনে যান এবং সেখানে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসলে এবং শ্রমিকদের শাস্তিমূলক বদলি প্রত্যাহার ও হয়রানি বন্ধ না করলে কর্মবিরতি চলবে।



