চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আট বছরের মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক নারী। এতে পানিতে ডুবে মারা গেছে শিশু মেয়েটি। গুরুতর অবস্থায় মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে।

নিহত রাইছা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। ২ ছেলে ও ১ মেয়ের মাঝে রাইছা সবার ছোটো এবং সে সদরের এক কিন্ডারগার্টেনের কেজি স্কুলের শিক্ষার্থী। তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।
জান্নাতুল ফেরদৌসের শ্বশুর বাড়ির মহিম জানান, প্রতিদিনের মত মেয়েকে নিয়ে স্কুলে বের হয় জান্নাতুল ফেরদৌস। পরবর্তীতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই রাইছা মনি মারা গেছে এবং তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তবে জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার দাবি করেন, তার শাশুড়ির অত্যাচারে তার মেয়ে নাতনিকে নিয়ে খালে ঝাপ দেয়। তিনি এই ঘটনার জন্য মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে দায়ী করেন।
উদ্ধারকারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যানচালকের কাছে খবর পেয়ে পৌণে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেয়া হয়।

