রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিভাগের সূত্র দিয়ে ডিএমপির মুখপাত্র বলেন, মঙ্গলবার সারা দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ১৩১ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ। এরমধ্যে উত্তরা পূর্ব থানা পুলিশ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৬ জন, উত্তরা পশ্চিম থানা পুলিশ দুইজন, গুলশান এলাকা হতে ২৪ জন, খিলক্ষেত থানা পুলিশ চারজন, ক্যান্টনমেন্ট থানা পুলিশ তিনজন, ধানমন্ডি থানা পুলিশ ছয়জন, নিউমার্কেট থানা পুলিশ ছয় জন, শাহবাগ থানা পুলিশ তিনজন, মোহাম্মদপুর থানা পুলিশ আটজন, হাতিরঝিল থানা পুলিশ একজন, পল্টন থানা পুলিশ ছয় জন, মতিঝিল থানা পুলিশ ৪০ জন ও ডিবি-ওয়ারী কর্তৃক ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। কক্সবাজার জেলার ডুলাহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে দলীয় মিছিল-সমাবেশে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রিয়াজ উদ্দিন (৪৯) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

