চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী শীতলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং সহকারী শিক্ষিকা রঞ্জনা শ্রী ভৌমিক এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শীতলপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এই সংবর্ধনার আয়োজন করে।
রোববার (১৯অক্টোবর) সকাল ১১টায় স্কুল মাঠে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মো. বেলাল হুসাইন এর সভাপতিত্বে এবং প্রাক্তন সহ-সভাপতি সুমন দাস ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী’র যৌথ পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাসান আল মামুন।

অনুষ্ঠান বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের আজীবন দাতাসদস্য ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা মন্ডলীদেরও দেয়া হয় বিশেষ সম্মাননা ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড ও শিক্ষকরা হলেন এই মেরুদণ্ড গড়ার কারিগর। শিক্ষকদের বলা হয় জ্ঞানের ফেরিওয়ালা।
সমাজ ও রাষ্ট্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে লায়ন আসলাম চৌধুরী আরও বলেন, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে মানুষকে ভালোবেসে অকৃপণভাবে মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ে তুলতে পারে এ শিক্ষকসমাজ। শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়তে অগ্রণী ভূমিক রাখছেন। আজকে যারা বিদায় নিচ্ছেন তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম তাদের শিক্ষাকতার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে আজ সুনামের সাথে দেশ -বিদেশে বিশেষ অবদান রাখছেন। তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সিনেট সদস্য ড. সুকান্ত ভট্টাচার্য। তিনি বলেন, শিক্ষকতা হচ্ছে পৃথিবীর প্রাচীন পেশাগুলোর একটি। ন্যায়-বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে শিক্ষকদের ভূমিকা অনন্য। সমাজের ভালো কাজ করার জন্য শিক্ষকদের প্রয়োজন। জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আর সেটা করবে একজন শিক্ষক। শিক্ষকরাই শিক্ষার্থীদের ন্যায়-অন্যায়, সৎ পথ, সঠিক পথের নিদের্শনা প্রদান করে থাকেন। সত্য-অসত্য, দেশের স্বার্থ এবং দেশের উন্নয়নের করণীয় সব বিষয়গুলো তাদের কাছে পৌঁছে দেবে একজন দায়িত্ববান শিক্ষক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কমল কদর, কাজী মো. মহিউদ্দিন, স্কুলের দাতা সদস্য আলহাজ্ব নুরুদ্দিন রুবেল সিআইপি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী, আজীবন দাতা সদস্য জহুরুল আলম, ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা গিয়াসুল মাহমুদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামসহ উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, বিভিন্ন স্কুল কমিটির সভাপতি, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।
প্রধান অতিথি সংবর্ধিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

