নিখোঁজের পরদিন মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং স্বজনদের খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা শনাক্তের জন্য মুন্সীগঞ্জে যাচ্ছেন।
তিনি আরও জানান, মরদেহের পরনে ছিল হাফ হাতা শার্ট এবং গলায় ফিতাসহ চশমা ঝুলানো ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বজনরা ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি কীভাবে সেখানে গেলেন, তাঁর মৃত্যুর কারণ কী তা তদন্ত করে দেখা হচ্ছে।
নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ কিছুটা বিকৃত হতে শুরু করেছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। তবে তিনি আর বাসায় ফেরেননি এবং অফিসেও যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ সাংবাদিকের ছেলে ঋত সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু পরে আর ফেরেননি। আমরা সর্বত্র খুঁজেছি, তবুও কোনো খোঁজ পাইনি।’
জিডির বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার বিষয়ে গতকাল রাতে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’
বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবে পরিচিত। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।

