তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনে চট্টগ্রামে ৩০৩ জনের মধ্যে ভোট দিয়েছেন ২৫৪ জন ভোটার। ওই হিসেবে ভোট পড়েছে ৮৩.৮৩ শতাংশ।
শনিবার (৩১ মে) ঢাকার মতো চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে-ভিউ হোটেল কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন—সম্মিলিত পরিষদের চট্টগ্রামের দলনেতা এস এম আবু তৈয়ব; তিনি ভোট পেয়েছেন ১২৬ ভোট।
সদস্য রাকিবুল আলম চৌধুরী (১৩৬ ভোট), মোহাম্মদ মুসা (১২৬ ভোট), সৈয়দ মোহাম্মদ তানভীর (১৪৮ ভোট)।
আর ফোরামের চট্টগ্রাম অঞ্চলের দলনেতা সেলিম রহমান পেয়েছেন ১২৭ ভোট, সদস্য এম মহিউদ্দিন চৌধুরী (১৪১ ভোট), সাকিফ আহমেদ সালাম (১৩৭ ভোট), মির্জা মো. আকবর আলী চৌধুরী (১১৩ ভোট), মো. সাইফ উল্ল্যাহ (১২৫ ভোট)।
বিজিএমইএ সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ ও চট্টগ্রামে ৩০৩ জন।
আগেরবার মোট ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন।
সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক তিন জোট ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে।
কারণ, এ দুই প্যানেলই ঢাকা ও চট্টগ্রামে সব পদে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ঐক্য পরিষদের প্রার্থী মাত্র ছয়জন। নির্বাচনে ফোরামের প্যানেল লিডার বা দলনেতা হিসেবে আছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান। অন্যদিকে, সম্মিলিত পরিষদের দলনেতা হলেন চৈতী গ্রুপের এমডি মো. আবুল কালাম।

