চট্টগ্রামের সাংবাদিক নেতা আইয়ুব আলী (৫৫) আর নেই। মঙ্গলবার (৩ মার্চ) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আইয়ুব আলী ১৯৯৬ সালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাংবাদিকতার সংগঠনে পদার্পণ করেন। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক এবং কার্যকরী সদস্য এবং চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সাবেক অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৮৪ সালে চট্টগ্রাম সরকারী সিটি কলেজে অধ্যয়নকালে সাপ্তাহিক সমতা পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন আইয়ুব আলী। পরে তিনি দৈনিক নয়াবাংলা, দৈনিক ঈশান, দৈনিক স্বাধীনতা ও দৈনিক ইনকিলাবে স্টাফ রিপোর্টার পদে কাজ করেন। ২০২১ সালে ইংরেজি দৈনিক দ্য ডেইলি ইন্ডাস্ট্রিতে চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে যোগ দেন।
১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা আইয়ুব আলী শোভনদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং শোভনদণ্ডী স্কুল এণ্ড কলেজ গভর্নিং বডির দুইবার নির্বাচিত সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
মরহুমের জানাজা একইদিন জোহরের নামাজের পর তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার শোভনদণ্ডী গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ পৃথক পৃথক শোক বার্তায় মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফের শোক
সাংবাদিক আইয়ুব আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিআরএফের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ বলেন, আমাদের প্রিয় সহযোদ্ধা আইয়ুব আলী অমায়িক ও মেধাবী সাংবাদিক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত সহকর্মীকে হারালাম।
সাংবাদিক নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


