বুধবার, ৪ মার্চ ২০২৬

সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার জজ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

- Advertisement -

আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -shukee

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আনিস আলমগীর সম্পূর্ণ নির্দোষ এবং তাকে কেবল হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন; বরং একজন বিশিষ্ট সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষক। এজাহারে তার নাম থাকলেও সুনির্দিষ্ট কোনও অপরাধের প্রমাণ নেই এবং মামলার ধারাগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব যুক্তিতে তিনি জামিন প্রার্থনা করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত তা নাকচ করে দেন।

গত ১৪ ডিসেম্বর ‘জুলাই রেভুলেশনারী অ্যালায়েন্স’-এর সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এই মামলায় গত ১৫ ডিসেম্বর আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করার পর তার অনুসারীরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আসামিরা ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া ও টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করা হয়। মামলার বাদী উল্লেখ করেন, আসামিরা ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছেন, যার ফলে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা উৎসাহিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও