অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব থেকে অব্যাহতির পর থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি আগামী এক বছর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তার আওতায় থাকবেন।
গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ সংক্রান্ত একটি সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী ড. ইউনূসকে এই মর্যাদা দেয়া হয়েছে।

দায়িত্ব শেষে প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেয়ার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম নয়। এর আগে ২০০৬ সালের ২৯ অক্টোবর এক গেজেটের মাধ্যমে তৎকালীন প্রধান উপদেষ্টাকে একই ধরনের সুবিধা দেয়া হয়েছিল।
তবে বর্তমান প্রজ্ঞাপনটি আগের তুলনায় কিছুটা ভিন্ন। ২০০৬ সালের প্রজ্ঞাপনে ‘Special Security Force Ordinance, 1986’-এর আওতায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশে অবস্থানকালীন সর্বোচ্চ তিন মাসের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার বিধান রাখা হয়েছিল। কিন্তু ২০২৬ সালের নতুন প্রজ্ঞাপনে এই সময়সীমা বাড়িয়ে এক বছর করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ফলে ড. ইউনূস দায়িত্ব পালনকালে যেমন এসএসএফের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ছিলেন, আগামী এক বছরও তিনি সেই একই মর্যাদা ও নিরাপত্তা সুবিধা ভোগ করবেন।

